গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম লিখেছেন, ‘গেল বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে-মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।’
ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা নিয়ে সিয়াম বলেন, ‘লাখো মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন “জংলি” দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমা হলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি, বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় আরমান মনসুর চরিত্রে ক্যামিও ছিল সিয়ামের। অল্প সময়ের এই উপস্থিতিতেই দর্শকদের বিস্মিত করেছেন তিনি। অনেকেই আবার আরমান মনসুরকে নিয়ে নতুন সিনেমা দেখতে চান অভিনেতার কাছ থেকে।
