নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হৃদয়বিদারক এক ঘটনায় জামাতার গাড়িচাপায় শ্বশুর নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের আগমুহূর্তে পারিবারিক বিষয় নিয়ে জামাতা আবু তাহেরের সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছালে ক্ষুব্ধ হয়ে আবু তাহের দ্রুত শ্বশুরবাড়ির উঠান থেকে নিজের চালানো প্রাইভেটকার নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার শ্বশুর এনতাজুল (৬৫) গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে আবু তাহের গাড়িটি সামনে চালিয়ে দেন। এতে গুরুতর আহত হন এনতাজুল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের মরদেহ বাড়ির সামনে স্থানীয় একটি মসজিদে রাখা হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জামাতা আবু তাহেরকে আটক করে। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেই তিনি নতুন করে প্রাইভেটকারটি কিনেছিলেন।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িচাপায় মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি পারিবারিক বিরোধ কীভাবে মুহূর্তের মধ্যে ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিতে পারে—এই ঘটনা তারই নির্মম উদাহরণ। শোকাহত পরিবার ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে গভীর শোক ও স্তব্ধতা।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি
