আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সাজেকে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ৫৪ বিজিবি।
রবিবার (৪ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৫৪ বিজিবির অধীনস্থ সিয়ালদপাড়া বিওপির উদ্যোগে বিওপি কমান্ডার মো. মশিউর রহমানের নেতৃত্বে বিওপির সদস্যরা তুইছুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে নির্বাচন বিষয়ক আলোচনা করেন।
আলোচনায় নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাঘাইছড়ি প্রতিনিধি
