ঢাকার ভাসানটেক থানার লালাসরাই বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তার হন রবিউল ইসলাম সুমন।
রোববার (৪ জানুয়ারি) সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১০ সিগন্যাল ব্যাটালিয়নের ভাসানটেক আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল লালাসরাই বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রবিউল ইসলাম সুমনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, লালাসরাই টিনশেড বস্তির প্রায় ১ হাজার ৪০০টি ঘরের ওপর তার নিয়ন্ত্রণ ছিল। চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন রবিউল। নির্বাচনের সময় সাধারণ মানুষকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করাই ছিল তার উদ্দেশ্য।
অভিযানকালে তার কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
