ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সারাদেশব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে ‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বাড়াতে মাগুরার শালিখায় বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
আজ রবিবার ৪(জানুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে৷
এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি
