বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বা প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাংলাদেশ সরকার।
সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া আইপিএল-এ মুস্তাফিজুর রহমানকে কেকেআর দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপের যৌক্তিক কারণ জানা যায়নি। তবে এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা, মর্মাহত ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা, অনুষ্ঠান এবং সম্প্রচার কার্যক্রম বন্ধ রাখার জন্য। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।
সরকারি সূত্রের মতে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে নাগরিকদের মনোবল রক্ষা এবং জাতীয় খেলোয়াড়দের মর্যাদা সংরক্ষণের প্রতিশ্রুতি বহাল রাখা হচ্ছে।
