বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সোমবার দুপুরে এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা।
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে শোক ও সান্ত্বনা জানানো।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোনায়েদ সাকি বলেন, “শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শোনা হয়েছে। ২০২৪ সালের গণঅভুত্থ্যান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেই বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিচালনার দায়িত্ব সরকারের ওপর, তবে রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের সুস্থতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা জরুরি। আমাদের লক্ষ্য এক— দেশের গণতান্ত্রিক ও স্থিতিশীল পুনর্গঠন।”
এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বের দাবি রাখছে, কারণ এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দলগুলোর মধ্যকার সংলাপের প্রেক্ষাপটের দিকে দৃষ্টি আকর্ষণ করছে।
