সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিস রোগী, তারা ব্যাংক থেকে তাদের পুরো টাকা তুলতে পারবেন। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ড. আহসান এইচ মনসুর। সোমবার (৫ জানুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, অ্যাকাউন্ট হোল্ডার নিজেই সরাসরি আবেদন করলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আত্মীয়-স্বজনের মাধ্যমে আবেদন করা যাবে না। এছাড়া, সার্ভারে তথ্য না থাকায় এখনো এটি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর বিস্তারিত প্রমাণাদি সহ আবেদন জমা দিলে অর্থ উত্তোলন সহজ হবে।
ড. মনসুর আরও জানান, খুব শিগগিরই নতুন ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে। তিনি আশ্বাস দেন যে, কারো চাকরি নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। তবে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে দায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে গভর্নর ব্যাংকের দুই দিনের লেনদেনের পরিসংখ্যানও তুলে ধরেন। ১ ও ৪ জানুয়ারি মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন হয়েছে, যার মধ্যে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা। সবচেয়ে বেশি অর্থ উত্তোলন হয়েছে এক্সিম ব্যাংক থেকে, যেখানে ৬ হাজার ২৬৫ জন গ্রাহক মোট ৬৬ কোটি টাকা তুলেছেন। তবে একই সময়ে নতুনভাবে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে।
