মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাটচকগৌরী বাজারসংলগ্ন একটি খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিঠুন সরকার। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে হাটচকগৌরী বাজার এলাকায় চোর সন্দেহে মিঠুন সরকারকে ধাওয়া করেন কয়েকজন যুবক। এ সময় তিনি দৌড়ে বাজারের পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর তাকে আর খুঁজে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজশাহী থেকে ডুবুরি দল এনে খাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
