বর্তমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে যৌক্তিকভাবেই তুলে ধরা সম্ভব হবে।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে আগ্রহী এবং বিশ্বকাপে অংশ নিতে চায়। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে আমরা দৃঢ়। কেন আমরা এ অবস্থান নিয়েছি, তা আইসিসিকে যুক্তিসহ ব্যাখ্যা করতে পারব বলে আমরা আশাবাদী। আইসিসি আমাদের বক্তব্য নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জবাবে আইসিসি, বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে।
