বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শ্যামনগরে শিক্ষা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্কুল ড্রেস বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় শ্যামনগরের জেসি কমপ্লেক্সে অবস্থিত শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভাব প্রকল্পভুক্ত ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার মোট ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এছাড়াও শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার অপারেশন লেভেল–২ ব্যাচের ১১ জন এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং লেভেল–২ ব্যাচের ১১ জন—মোট ২২ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় এবং কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার, কাঁঠালবাড়িয়া এ.জি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন এবং ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান বলেন, “সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে ভাব বাংলাদেশ যে ভূমিকা রাখছে, তার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, আসমা উল হুসনা, উম্মে উনাইজা প্রমুখ।