জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত দুজনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে প্রশ্নপত্র ফাঁসের একটি সক্রিয় চক্রের সন্ধান পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, আটকরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও তা পরীক্ষার্থীদের কাছে সরবরাহের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব ডিভাইস পরীক্ষা করে চক্রের অন্যান্য সদস্য ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
