গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে গভীর রাতে এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন (৫১)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে জয়নাল আবেদীন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুললে ৪-৫ জন মুখোশধারী অজ্ঞাত ব্যক্তি অতর্কিতভাবে ঘরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাতদল।
অভিযোগপত্র অনুযায়ী, ডাকাতরা নগদ লক্ষাধিক টাকা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
জয়নাল আবেদীন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে গেছে-ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করবে। পরে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ঘটনায় মঙ্গলবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
