আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জয়পুরহাটের কালাই উপজেলায় এক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কালাই উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, হিন্দু কল্যাণ প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সাংবিধানিক গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের আইনগত দিক, গণতান্ত্রিক চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি; তাই প্রতিটি নাগরিকের দায়িত্বশীল অংশগ্রহণই পারে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে।
অনুষ্ঠানে “গণভোট ২০২৬—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান এবং কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকালে প্রশাসনের করণীয় বিষয়ে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে কালাই উপজেলার নির্বাহী অফিসার শামীম আরা বলেন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের মাঝে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা আরও বিস্তৃত হবে। তিনি সকলের সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাট।
মো:সুমন মন্ডল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
