ঝুট মানে মিথ্যা কিন্তু গার্মেন্ট কারবারে কথাটার অর্থ পরিত্যক্ত বা উচ্ছিষ্ট। রাজধানীর মিরপুরে এই ব্যবসা এতটাই রমরমা যে একটা গোটা এলাকার নামই হয়ে গেছে ঝুটপট্টি! প্রায় অচেনা এই পল্লির গল্প নিয়েই নিজের প্রথম সিনেমা বানিয়েছেন ইফ্ফাত জাহান। ঝুটকে অনেক সময় কাট-পিসও বলা হয়, এটা থেকে সিনেমার নাম ‘কাট-পিস’।
ঝুটপট্টির গল্প নিয়ে সিনেমা, শুনতে গুরুগম্ভীর মনে হলেও নির্মাতা জানালেন, আদতে মূলধারার অ্যাকশন সিনেমাই বানিয়েছেন তিনি, যেখানে পটভূমি ঝুটপট্টি। ‘আমি ঝুট মার্কেটে গিয়েছিলাম, ওখানকার ব্যাপার স্যাপার দেখে ইন্টারেস্টিং মনে হলো। ফিরে খোঁজ খবর করলাম। মনে হলো, পুরো এলাকা আর ব্যবসাটার মধ্যে অনেক
কৌতূহল জাগানিয়া ব্যাপার আছে। পুরোটাই রাজনীতি আর ক্ষমতার খেলা। চাইলেই যে কেউ এ ব্যবসা করতে পারবে না। এভাবেই সিনেমার শুরু,’ প্রথম আলোকে বলছিলেন ইফ্ফাত।
দেশে এ বিষয় নিয়ে সেভাবে কাজ হয়নি, সেটাও এ সিনেমা করার কারণ,’ যোগ করলেন তিনি। ইফ্ফাত বললেন, সিনেমাটিতে ঝুটপট্টির অনেক বাস্তবতা আছে কিন্তু এটা কারও জীবন বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়। ছবিতে কোনো ডামি ব্যবহার করা হয়নি, অ্যাকশন দৃশ্যগুলোতে মূল অভিনয় শিল্পীরাই পারফর্ম করেছেন। ছবির প্রধান চরিত্রে আছেন সিফাত আমিন, নানজীবা তোরসা। খল চরিত্রে ইমরান আহমেদ সওদাগর। আরও আছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
ইফ্ফাত জাহান জানালেন, ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শুটিং। গত মাসে টানা ১১ দিনে শুটিং শেষ করেছে সিনেমার টিম। এত দ্রুত কাজ শেষ করার জন্য অভিনয় শিল্পী আর কলাকুশলীদের ধন্যবাদ দিলেন নির্মাতা। তিনি বলছিলেন, ‘আমরা যতটা সম্ভব রিয়েল লোকেশনে শুট করেছি। মিরপুরে ঝুটের গোডাউনে শুট করেছি যেন দেখার সময় বাস্তবসম্মত মনে হয়।’