প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারি) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
‘খসড়াটি প্রকাশিত হওয়ার পরপরই সেটি নিয়ে বিভিন্ন পক্ষে বিপক্ষে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কনসালটেশন সভার আয়োজন করে। সূত্রে জানতে পেরেছি, সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে মন্ত্রণালয় খসড়া হালনাগাদ করেছেন।’
