দীর্ঘ তিন বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পর অবশেষে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে নিয়মিত যাত্রাবিরতি শুরু করেছে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। সোমবার(১৮ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন নম্বর ৭৪৩/৭৪৪ আনুষ্ঠানিকভাবে শ্রীপুর স্টেশনে থামে।
স্থানীয় ব্যবসায়ী তপন বনিকের নেতৃত্বে ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এই যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ শ্রীপুর রেলস্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেয়। রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীপুরে পৌঁছায় এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনটি নিয়মিতভাবেই এখানে থামবে। শ্রীপুর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। প্রাথমিকভাবে নির্ধারিত আসনে সীমিত সংখ্যক টিকিট বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম যাত্রাবিরতি উপলক্ষে শ্রীপুর রেলস্টেশনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা আনন্দ প্রকাশ করেন। বাদ্যযন্ত্রের তালে আনন্দ র্যালি, লোকোমাস্টারকে ফুল-মিষ্টি দিয়ে বরণ এবং আন্দোলনের সমন্বয়ক তপন বনিককে ফুলের মালা পরানো হয়।
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, এখন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নিয়মিত শ্রীপুরে যাত্রাবিরতি করবে এবং স্টেশন থেকেই টিকিট পাওয়া যাবে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
