গাজীপুরের শ্রীপুরে শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীবাহী বাসের ধাক্কায় সহকারী চালকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন শিক্ষার্থী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং চালকের সহকারীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের ১০৩ জন শিক্ষার্থী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে মাওনা চৌরাস্তা থেকে আনসার টেপিরবাড়ী বাজার হয়ে শ্রীপুরের টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন। পথে বৃন্দাবন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গজারি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় বাসের সহকারী চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে বলেন, প্রশিক্ষণের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হলেও যাতায়াতের জন্য নিম্নমানের ও জরাজীর্ণ বাস সরবরাহ করা হয়েছে। এছাড়া চালক মাদকাসক্ত ছিলেন বলেও অভিযোগ ওঠে। ঢাকার সভার এলাকা থেকে শ্রীপুরে আসার পথে একাধিকবার দুর্ঘটনার ঝুঁকিতে পড়ার কথাও জানান তারা।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষকরা সঙ্গে থাকলেও চালকের আচরণ ও বাসের যান্ত্রিক ত্রুটি যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয়নি।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রের হিসাবরক্ষক রওশন আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। আহত সহকারী চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
