১৮ জানুয়ারী,২৬ ইং
মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রমজান মিয়া (৩৮)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার তোতকখালী গ্রামের বাসিন্দা এবং আজিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, রামু সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ–এর দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমান–এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মো গিয়াসউদ্দিন
