গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে বাড়ির প্রধান ফটকের একাধিক তালা ভেঙে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের আলফাজ উদ্দিনের (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, কালো কাপড় পরিহিত মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়ির মূল গেটের সাতটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে পাঁচজন ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং বাকি সদস্যরা বাইরে পাহারায় ছিল।
ডাকাতরা বাথরুমের ওপর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে একটি কক্ষের লোকজনকে ভয়ভীতি দেখায়। পরে একে একে অন্য কক্ষগুলোর দরজা খুলতে বাধ্য করে। এ সময় ডাকাত দল প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ এক লক্ষ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর বড় ভাই আলতাফ হোসেন বলেন,“বাড়ির চারপাশে বাউন্ডারি থাকলেও ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রবেশ করেছে। তারা বলছিল ‘গতকাল ব্যাংক থেকে অনেক টাকা তুলেছ, টাকা কই?’ ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি তারা কীভাবে জানলো, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আশপাশের কেউ হয়তো তাদের তথ্য দিয়েছে।”ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে, তাই স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।
মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা তেমন কিছু নয়। অল্প স্বর্ণালংকার সহ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
