গাইবান্ধার পলাশবাড়ীতে ৯৮ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা নীলফামারীর জলঢাকা উপজেলার গুরমন্দা ইউনিয়নের ভাবোনচোর এলাকার জাফর আলীর ছেলে দুলু মিয়া (৩৬) ও একই এলাকার নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (৩৩)।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার নতুন ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১৩ সিপিএসসি ও র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প যৌথ আভিযানিক ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার নতুন ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় দুইটি মোটরসাইকেল তল্লাশী করে ৯৮ বোতল ফেয়ারডিল জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে জানা যায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তার আসামিরা দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
