পটুয়াখালী-৩ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নুরুল হক নুর ও হাসান মামুন সাধারণ ভোটারদের প্রশংসায় ভাসছেন। তারা একে অপরের নির্বাচনী অফিস ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। একই সাথে নুরুল হক নুর এক ধাপ এগিয়ে হাসান মামুনের বাবার কবর জিয়ারত করে তার মায়ের কাছে চাইছেন দোয়া। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দুই প্রার্থীকে এমন কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষরা।
নির্বাচনের মঞ্চে যতই প্রতিদ্বন্দ্বীতা থাকুক তা যেন পরিবারকে স্পর্শ না করতে পারে। পরিবার ও বাবা-মা সকলেরই শ্রদ্ধেয়। পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী মঞ্চের উত্তাপ পরিবারের কাছে শীতল অনুভূতি। আর এমনই দৃষ্টান্ত রেখেছেন পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিক গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর। তিনি (নুর) মঙ্গলবার বিকেলে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বাবার কবর জিয়ারত করেন এবং এর পরই দশমিনার গ্রামের বাড়ি
রনগোপালদীতে তার (হাসান মামুনের) মায়ের কাছে গিয়ে পা ছঁুয়ে কদমবুচি করে দোয়া চান। এসময় হাসান মামুনের মা নুরকে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন।
নির্বাচনী মাঠে এ ধরণের সহিষ্ণুতায় প্রশংসায় ভাসছেন নুরুল হক নুর। এতে পিছিয়ে রয়নি হাসান মামুনও। তিনিও গলাচিপার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে গণঅধিকার পরিষদের গলাচিপা সদর ইউনিয়ন ও ডাকুয়া ইউনিয়নের নুরের নির্বাচনী অফিসে গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। আর এতে দুই প্রার্থীর কর্মীদের মধ্যেও নির্বাচনী উত্তাপ ছাপিয়ে শীতল বাতাস বইছে। এলাকার সাধারণ ভোটাররাও কিছুটা স্বস্তিবোধ করছেন।
বার্তা প্রেরক
রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।
