টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলতে এসেছে ইতালি। তবে তাদের অভিষেকের প্রথমার্ধটা মোটেও সুখকর হয়নি। অধিনায়ক মাঠ ছেড়ে গেছেন ২০ বলের মধ্যে, শঙ্কায় আছে তার বিশ্বকাপে খেলাও। তার ওপর স্কটল্যান্ড তাদেরকে চাপা দিয়েছে রানের পাহাড়ের নিচে, ৪ উইকেট খুইয়ে ২০৭ রান তুলে ফেলেছে তারা। অভিষেকে জিততে হলে এখন ইতালিকে ডিঙাতে হবে ২০৮ রানের এভারেস্ট
ইতালিয়ানদের ম্যাচের শুরুটাই হয় বাজেভাবে। শুরু থেকেই স্কটিশ দুই ওপেনার জর্জ মানজি ও মাইকেল জোনস মিলে চড়ে বসেছিলেন বোলারদের ওপর।
চতুর্থ ওভারে পায় আরেক দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ওয়েন ম্যাডসেন। দেখে মনে হচ্ছিল চোটটা বেশ বড়ই, যার ফলে বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে তার।
এরপর ইতালি তাদের প্রথম উইকেট তুলে নিতে অপেক্ষা করতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত। ১২৬ রানে মানজিকে ফেরান জেজে স্মাটস। ১০ রান পর জোনসও যখন ফিরলেন গ্র্যান্ট স্টুয়ার্টের শিকার বনে, তখন মনে হচ্ছিল ইতালি বুঝি ম্যাচে ফিরছে। তবে তাদের সে আশায় পানি ঢেলে দেন ব্র্যান্ডন ম্যাকমুলেন, তার ১৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস আরও সুসংহত করে স্কটল্যান্ডকে।
শেষ দিকে মাইকেল লিস্কের ৫ বলে ২ ছক্কা আর ২ চারে ২২ রানের ইনিংস স্কটল্যান্ডকে নিয়ে যায় ২০৭ রানে।
যার ফলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই কমে গেছে ইতালির। ম্যাচের শুরুতে পাল্লাটা তাদের পক্ষেই ভারি ছিল। ইউরোপীয় বাছাইপর্বে দুই দলের সর্বশেষ ম্যাচে জয়ের কারণে তাদেরকে এই ম্যাচে অনেকটা ফেভারিটই ধরা হচ্ছিল। ৫৯ শতাংশ সম্ভাবনা ছিল তাদের জয়ের। তবে প্রথম ইনিংস শেষে তা এখন নেমে এসেছে ১৮ শতাংশে।
