যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ / ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন এবং কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে ভাষা শহিদদের ইতিহাস তুলে ধরতে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
