রাঙামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১১ টা ৩০ ঘটিকার সময় উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।
মূল্য তালিকা না থাকায় জরিমানা
অভিযান চলাকালে উপজেলার প্রধান বাজারগুলোতে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস, ও সবজির দোকানসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। এসময় অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেশ কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। একইসাথে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করতে এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সচেতনতামূলক নির্দেশনা
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান সাংবাদিকদের জানান,“রমজানকে পুঁজি করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যারা নিয়ম মানছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে এবং অন্যদের সতর্ক করা হচ্ছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজান মাস জুড়ে এ ধরণের ঝটিকা অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
