আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণ কমিটি গঠন নিয়ে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ চিকিৎসা নিচ্ছেন। এ সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙ্গা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
