মাগুরার মহম্মদপুর উপজেলায় সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি আরএসকেএইচ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে মাননীয় মন্ত্রীকে বরণ করে নেন উপজেলার সর্বস্তরের জনগণ।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে নদী খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।
মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু হয়েছে। মহম্মদপুরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
