জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (০১ মার্চ ২০২৬) দিবাগত রাত অনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামের মোছাঃ খালেদা আক্তার (৩৮), পিতা মৃত আব্দুল খালেক, নিজ শয়নকক্ষে খুন হন। অভিযোগ রয়েছে, তার স্বামী (ঘর জামাই) মোঃ আব্দুল বাকি (৪৫), পিতা মাফেজ আলী, সাং রঘুনাথপুর, মাত্রাই ইউনিয়ন, থানা কালাই—স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
