মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী হরষিত সাহাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে আড়পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হরষিত সাহা প্রতিদিনের মতো আজ ভোরেও বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীর ওপর এমন হামলায় আড়পাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
