রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন খোকন (৪৪)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (০৪ মার্চ) বিকেলে শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের বিশেষ নির্দেশনায় মাদক নির্মূলে জেলাজুড়ে চিরুনি অভিযান চলছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এনামুল হক-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক টিম ৪ মার্চ বিকেল এ সদর থানাধীন দক্ষিণ কালিন্দীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন খোকনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মোঃ দেলোয়ার হোসেন খোকন রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের চম্পকনগর (হ্যাপির মোড়) এলাকার মৃত বাদশা আলম ও রহিমা বেগমের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, খোকন পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে:মামলার বিবরণ: গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাঙামাটি জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৮ (আট) টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।বর্তমান অবস্থা: আজকের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দতালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের বার্তা: রাঙামাটি জেলা পুলিশ জানায়, জেলাকে মাদকভুক্ত করতে এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
