মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের তীব্রতা এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে—এমন আশঙ্কায় সীমান্তপথে জ্বালানি তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে অসাধু চক্র যাতে সীমান্তপথে তেল পাচারের চেষ্টা করতে না পারে সেজন্য বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
