গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান আজ ৬ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৪টায় মাগুরা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দেশসেরা বিতর্ক সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস)-এর বিতার্কিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় সংগঠনের বিতার্কিকরা ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান। পরে তারা একটি সনাতনী স্কুল বিতর্ক প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
মাগুরা আদর্শ বিতর্ক সংঘের চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প অফিসার ও মাগুরা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
