বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোজার ঈদে মুক্তি অনিশ্চিত অনেক চলচ্চিত্রের।

রোজার ঈদে মুক্তি অনিশ্চিত অনেক চলচ্চিত্রের।

রোজার ঈদে মুক্তি অনিশ্চিত অনেক চলচ্চিত্রের।

রোজার ঈদ ঘিরে ঢালিউডে প্রতিবছরই নতুন সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমা মুক্তির ঘোষণা এলেও সময় যত গড়াচ্ছে, ততই ছোট হচ্ছে ঈদের সিনেমার তালিকা। বিভিন্ন কারণে কয়েকটি সিনেমার মুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ এবং সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি শুরুতে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। ২০১১ সালে চট্টগ্রামে সংঘটিত এক মর্মান্তিক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ছবিটি। সেই সময় এক নারীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই নির্মম ঘটনার প্রেক্ষাপটেই ছবির কাহিনি সাজিয়েছেন নির্মাতা রায়হান খান।

সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া আরও অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, তারিক আনাম খান, সাবেরী আলম, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, রাকিব হোসেন ইভন ও অশোক ব্যাপারীসহ অনেকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবিটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং শেষ করতে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির কিছু দৃশ্য ধারণও বাকি রয়েছে। কিন্তু তিনি অসুস্থ থাকায় শুটিং শেষ করতে বিলম্ব হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। নির্মাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, শুটিং শেষ হলে ছবিটি কোরবানির ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঈদে মুক্তির কথা ছিল সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এর। ছবিটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

নির্মাতা আগে জানিয়েছিলেন, সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং কিছু প্যাচ শট ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেই অনুযায়ী ঈদকে সামনে রেখে মুক্তির প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। সিনেমার কাজ শেষ না হওয়ায় ঈদে সিনেমার মুক্তি নির্মাতা পিছিয়েছেন বলে নির্মাতার এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সিনেমাটির কোনো ধরনের প্রচারণা দেখা যাচ্ছে না। ফলে মালিক মুক্তি নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

সাইফ চন্দন বলেন, ‘সিনেমার শুটিং শেষ করে আমরা ইচ্ছা করলে মালিক মুক্তি দিতে পারতাম। কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করার ইচ্ছা নেই। ঈদে বড় বাজেটের সিনেমা অনেকগুলো আছে। এটি বড় বাজেটের সিনেমা। এ কারণে অনেকগুলো সিনেমার সঙ্গে এটি মুক্তি দিয়ে ঝুঁকি নিতে চাই না। আর হলেও সংখ্যাও এখন কম। সব মিলিয়ে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

উল্লেখ্য, এবারের রোজার ঈদে মুক্তির তালিকায় শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোন কোন ছবি প্রেক্ষাগৃহে আসবে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তুতি ও প্রচারণার ওপর নির্ভর করেই শেষ মুহূর্তে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।