নওগাঁর পোরশা উপজেলার ৬ নং মশিদপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'শিশা একতা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর শিশা হাই স্কুল মাঠে শিশা একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং মশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: আয়নাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম বুলবুল এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এনামুল হক। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, মুরুব্বি ও যুবসমাজের বিপুল সংখ্যক দর্শক খেলায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আয়নাল হক বলেন, "আজকের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণদের মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি ও বিভিন্ন অনলাইন গেম থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করা অত্যন্ত জরুরি। নিয়মিত ক্রীড়া চর্চাই পারে আমাদের তরুণদের সুস্বাস্থ্যের পাশাপাশি সঠিক মানসিক বিকাশ নিশ্চিত করতে।"
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে স্মারক ট্রফি ও পুরস্কার বিতরণের মাধ্যমে দু'দিনব্যাপী এই সফল আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আয়োজক সংগঠন 'শিশা একতা সংঘ'-কে এ ধরনের চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থানীয় সর্বস্তরের জনগণ ধন্যবাদ ও সাধুবাদ জানান।
মোঃ আরিফুল হক সাহিন,
পোরশা (নওগাঁ) প্রতিনিধি