আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার। সভায় জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সম্ভাব্য যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে আইন মেনে চলার পাশাপাশি যাত্রীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক ও নিরাপদ হয় সে লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় উপস্থিত পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দও ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।
এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
