হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এসব অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর এলাকায় ভারতীয় মাদক পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা জঙ্গলের মধ্যে মদ লুকিয়ে রাখে। পরে রাজেন্দ্রপুর বিজিবির টহলদল সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
এদিকে পৃথক আরেকটি অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে টহল পরিচালনা করা হয়। এসময় চোরাকারবারীরা ভারত থেকে ৫টি গরু এনে পাচারের উদ্দেশ্যে জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করে।
বিজিবি জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
