হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় র্যাব সদস্যরা। পরে বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
