ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হয়েছিল একটি পরিবার। কিন্তু সেই যাত্রাই রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা, যে বর্তমানে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বগুড়ার জেলা প্রশাসন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। একইসাথে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতাল কর্তৃপক্ষকেও শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার এই নির্মম পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ ইতোমধ্যে রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দাফন সম্পন্ন করা হবে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি :
