বগুড়ায় তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকতার মানোন্নয়নকে সামনে রেখে “সাংবাদিকতার একাল-সেকাল” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে শহরের পর্যটন মোটেল সংলগ্ন হোটেল নাজ গার্ডেনে ‘জেলার ৯০ দশকের সাংবাদিক সমাজ’-এর উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সাংবাদিকতা একটি আদর্শভিত্তিক পেশা হলেও অনেকেই জীবিকার তাগিদে এ পেশায় যুক্ত হন। তবে যেভাবেই আসা হোক, পেশার প্রতি দায়বদ্ধতা, সততা ও নৈতিকতা বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরনে পরিবর্তন এলেও চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। ঝুঁকি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।
বগুড়ায় সাংবাদিকতা শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে তিনি জানান, সরকারি আজিজুল হক কলেজে সাংবাদিকতা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন। এছাড়া বগুড়ায় পিবিআইয়ের শাখা চালুর দাবির বিষয়েও ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘৯০ দশকের সাংবাদিক সমাজ’-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশের দাবি জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত। তারা সমাজ উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর আলোকপাত করেন।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক অংশ নেন। বক্তারা বলেন, নবীন ও প্রবীণ সাংবাদিকদের এ ধরনের মিলনমেলা পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দ।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
