রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় সাংগঠনিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মীর শাহে আলম এমপি। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এ পদক্ষেপ দলীয় শৃঙ্খলা ও কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ক্ষমতার অবস্থানে থেকেও সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত একটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ ই মার্চ) এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মীর শাহে আলম এমপির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদত্যাগ সিদ্ধান্ত মীর শাহে আলমের দায়িত্ববোধ, রাজনৈতিক পরিপক্বতা এবং দলের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
