মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলায় পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। কৃত্রিম সংকট তৈরি করে তারা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।
সরেজমিনে দেখা যায়, অনেক দোকানে তেল মজুত থাকা সত্ত্বেও প্রকাশ্যে “তেল নেই” বলা হচ্ছে। তবে গোপনে বেশি দামে বিক্রি চলছে। ক্রেতাদের অসহায়তার সুযোগ নিয়ে লিটারপ্রতি ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
মোটরসাইকেল চালকদের অভিযোগ, বেশি দাম না দিলে তেল পাওয়া যাচ্ছে না। তারা বলেন, জীবিকার জন্য বাইক চালাতে হয়, কিন্তু তেলের এই অস্থির বাজারে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। একই তেল ভিন্ন ভিন্ন দোকানে ভিন্ন দামে বিক্রি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে অভিযোগ উঠেছে, উপজেলার বিভিন্ন স্থানে বৈধ লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বোতলজাত করে তেল বিক্রি করা হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, তারা পাইকারি ডিলারদের কাছ থেকেই বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন, ফলে খুচরা পর্যায়েও দাম বাড়ছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত এই নৈরাজ্য বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
