বাউফলে লঞ্চ-তরমুজবাহী ট্রলার সংঘর্ষে ২ জন নিহত, ড. মাসুদ এমপির শোক।
মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে নৌ দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার (সকাল সাড়ে ৪টা) বগা ইউনিয়নের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে ‘এমভি প্রিন্স আওলাদ-৭’ নামের একটি লঞ্চের ধাক্কায় একটি তরমুজবাহী ট্রলার ডুবে যায়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নিহতদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বলে জানা গেছে।
ড. মাসুদ এমপি তার শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত।
এদিকে, তার পক্ষ থেকে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা দুর্ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমে সমন্বয় করছেন।
