যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস-২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ শাহ আলমগীর হোসাইন
আজ ২৬শে মার্চ, সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে একত্রিশবার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।
পরবর্তীতে সকাল ০৮:০০ টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে মান্যবর জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন এসময় সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ সাথে উপস্থিত ছিলেন। উক্ত বর্ণাঢ্য কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী এবং আনসার বাহিনীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) শেষে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক এবং বিজয়ী প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও বেলা ১১:০০ টায় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবসে মাতৃভূমির সুরক্ষায় আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা