বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার
শাকিল রানা,
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।