মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেগুনগ্রাম পশ্চিম মাঠে যাতায়াতের একমাত্র ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের ২০২১-২০২২ অর্থবছরে ছোট নদী ও খাল পুনঃখনন কার্যক্রমের ফলে এলাকায় পানির প্রবাহ বৃদ্ধি পায়। পরবর্তীতে অতিবৃষ্টির কারণে ব্রিজের দুই পাশের মাটি ধসে পড়ে এবং এক পর্যায়ে ব্রিজটি ভেঙে যায়। এতে করে কৃষকদের মাঠে যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হয়।
বেগুনগ্রামের কৃষক আবদুল হামিদ বলেন, “এই ব্রিজ দিয়েই আমরা মাঠে যাতায়াত করতাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় ধান ও আলুর ক্ষেতের পরিচর্যা করা এবং উৎপাদিত ফসল বাড়িতে আনা খুবই কষ্টকর হয়ে পড়েছে।”
এদিকে, ব্রিজটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, সময়মতো ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।