মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভক্তদের প্রচণ্ড ভিড়ে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। আর সেই ঘটনাকে ঘিরেই নতুন করে সামনে এসেছে তার নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন।
মঙ্গলবার থানের দাদাজি কন্ডেভ স্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপ ২০২৬ অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেতা। সাদামাটা লুকে-বাদামী শার্ট ও কালো প্যান্টে হাজির হলেও, তাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের উন্মাদনা মুহূর্তেই পরিস্থিতিকে বিশৃঙ্খল করে তোলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নিরাপত্তা বেষ্টনী থাকলেও বিশাল ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। মঞ্চ থেকে নামার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চারদিক থেকে ভক্তরা ঘিরে ধরে তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন।
এ সময় নিরাপত্তাকর্মীদের ভিড় ঠেলে রাস্তা তৈরি করে অভিনেতাকে বের করে আনতে দেখা যায়। পরে পুলিশি কনভয়ে করে স্থান ত্যাগ করেন সালমান, তবে সেখানেও ভক্তদের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
তবে পুরো পরিস্থিতিতেই শান্ত ও হাস্যোজ্জ্বল ছিলেন এই তারকা। ধীরস্থিরভাবে ভিড়ের মধ্য দিয়েই বের হওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে।
ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থার যথেষ্টতা নিয়ে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণনাশের হুমকি পাওয়ার পর এমন পরিস্থিতি ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ভক্তদের ভিড়ে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, কিন্তু নিরাপত্তা কোথায়?” আরেকজন লেখেন, “এভাবে শুধু তিনি নন, ভক্তরাও ঝুঁকিতে পড়তে পারেন-এটা ভয়ঙ্কর।