হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।
আটককৃতরা হলেন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মোঃ জাফর (৩৫)।
পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুদ ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া সমিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে পৌরসভার এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। ওই সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।