মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ফসলের বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
আয়োজকরা জানান, চলতি খরিফ মৌসুমে সদর উপজেলার প্রায় ২ হাজার কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
কৃষি বিভাগ জানায়, মাগুরা জেলার কৃষি উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তিনির্ভর পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থাও তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা এ কর্মসূচির আয়োজন করে।