মনোয়ার
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
সারা দেশে হাম রোগ মহামারী আকার ধারণ করায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এর আগে জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের সকল সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে হাম প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন। তার এই বক্তব্য দেশজুড়ে প্রশংসিত হয়।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হলেও মাগুরায় এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছেন। বর্তমানে মাগুরা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে ৮ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক।
তিনি আরও বলেন, আক্রান্ত রোগীদের বাসায় না রেখে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহসিন আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মাগুরা সিভিল সার্জন অফিসের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।