শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
রোববার দুপুরে জৈনা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অভিযোগে জোবেদা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মা-বাবা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা এবং কাশফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এই ধরনের স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে, তবে ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।